এস এম রওনক :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের দিনমজুর মোঃ মিনার হোসেনের সন্তান সৌদি প্রবাসী রশিদ-উল-ইসলামের মৃত্যুর খবরে পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই থেকে তিনদিন ধরে তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না,এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিষয়টি ধীরে ধীরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে গতকাল রাতে এক আত্মীয় সৌদি আরবের কফিলের (নিয়োগকর্তা) সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বৈদ্যুতিক কাজ করার সময় রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হন, পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী আল-মুজাহিমিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে পরিবারের সদস্য ও এলাকাবাসীর প্রশ্ন—ঘটনার তিন দিন অতিবাহিত হলেও কেন নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কেউ বিষয়টি পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেননি? এতে তারা বিষয়টিকে কিছুটা সন্দেহজনক মনে করছেন এবং যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তারা মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং সৌদি কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন, নিহতের অসহায় দুই সন্তান সহ আত্মীয়-স্বজন প্রহর গুনছেন প্রিয় রশিদের মুখখানি শেষবারের মতো দেখার আশায়।