শাহ্ জামাল :
ভেড়ামারা উপজেলায় নতুন করে আর কোন সহিংসতা দেখতে চান না বলে ঘোষনা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকষ সেনা অফিসার ক্যাপ্টেন লামইয়ানুল ইসলাম। তিনি ভেড়ামারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি বলেন, যথেষ্ট হয়েছে। আর নয়। কোন সহিংসতা আর দেখতে চাই না। এখন নতুন করে সাজানোর সময়। শিক্ষার্থীরা নেমে পড়েছে দেশ গড়ার কাজে। ট্রাফিক’র দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। পরিস্কার পরিচ্ছন্নতা করছে। বাজার মনিটরিং করছে। এগুলো দেশের জন্য ভালো। তিনি বলেন, আমি ভেড়ামারা ঘুরে দেখেছি। এখানে সহিংসতা তুলনা মুলক কম হয়েছে। আপনার আক্রোশ থাকতে পারে। আপনি যেই হোন না কেন আপনাকে সহিংসতা করতে দেওয়া হবে না। প্রচলিত নিয়মে আপনাকে আসতে হবে। ক্যাপ্টেন লামইয়ানুল ইসলাম আরো বলেন, গ্রামে আগুন ধরেছে। ফায়ার সার্ভিস যাচ্ছে না। কারন পুলিশ যাচ্ছে না। মানুষ খুন হয়েছে। আইনি সহায়তা পেতে মানুষ পুলিশের কাছে আসবে কিন্তু পুলিশ কাজ করছে না। এমন বাংলাদেশ আমরা চাই না। সকল অপশক্তি রুখে দিয়ে আমাদের সোনার বাংলা গড়ে তুলতে হবে। বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দ্যেশে ক্যাপ্টেন লাম ইয়ানুল বলেন, ভেড়ামারা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আন্তরিক আছে। আপনারা যেভাবে বলবেন, তারা সেই ভাবেই কাজ করবে। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, ভেড়ামারা কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান শামিম প্রমুখ।