এস এম রওনক :
ঐক্য ও আস্থার বার্তা নিয়ে কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এবং আধুনিক ভেড়ামারা গঠনের প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এ জনসভায় অংশ নেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভেড়ামারা উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে বুধবার বিকেল চারটায় ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান আলীর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সফল মেয়র এডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সদস্য ফরিদা ইয়াসমিন, লে. কর্নেল সামসুজ্জামান (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, মোঃ আনিসুজ্জামান ডাবলু, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, এডভোকেট বুলবুল আবু সাইদ শামিম, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম নুর, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ তসলিম উদ্দিন নিশাতসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “কোনো ভেদাভেদ নয়, কোনো ষড়যন্ত্র নয়—ফ্যাসিবাদী সরকারের সকল অন্যায়ের কবর রচনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমি সকলের প্রতি অনুরোধ জানাই—আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকুন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সকাল থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।”
জনসভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।