সোহেল রানা , কুষ্টিয়া :
পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় আয়োজিত মানববন্ধনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন,“আয়না ঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়না ঘরে ছিলাম— এটা কতটা ভয়ংকর জায়গা না থাকলে কেউ বুঝবে না। আয়না ঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়না ঘর ফিরে আসবে না, এই কারণেই আমাদের পাঁচ দফা।”
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা জামায়াতে ইসলামী এ মানববন্ধনের আয়োজন করেন।জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন“আমরা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি, সেগুলো শুধুমাত্র জামায়াতে ইসলামীর নয়। ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবিগুলো সমর্থন জানিয়েছে। সরকার যদি এ দাবিগুলো উপেক্ষা করে, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ঐক্যই এখন সময়ের দাবি।ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পিআর (Proportional Representation) পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হলে দেশে আবারও স্বৈরাচারী শাসনব্যবস্থা ফিরে আসবে।তাদের দাবি, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং নির্বাচনের আগেই রাজনৈতিক সংস্কার সম্পন্ন করা প্রয়োজন, যাতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হক, এবং বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা।
কুষ্টিয়া শহরের প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
মানববন্ধনের বক্তারা বলেন, দেশের জনগণ আজ গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় আন্দোলনে নেমেছে। তাদের মতে, “আয়না ঘরের ভয়াবহতা” থেকে মুক্ত হয়ে স্বচ্ছ, অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে তুলতে হলে জনগণের ঐক্য ও জবাবদিহিতা সবচেয়ে জরুরি।