মোঃ উজ্জ্বল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার র্্যাব এবং পুলিশ বাহিনী নিয়ে গভীর রাতে অভিযান চালিয়েছে। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট। অবৈধ জাল রাখার দায়ে ভ্রাম্যমান অাদালত বসিয়ে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে একজনকে ১ বছরের কারাদণ্ডও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার জানান, শাহজাহানের বাড়িতে অবৈধ কারেন্ট জাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায় বিপুল পরিমাণ কারেন্ট জাল। সেগুলো জব্দ করা হয়। অবৈধ জাল রাখার দায়ে বাড়ির মালিক শাহজাহান কে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।