সাজ্জাদ হোসাইন, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিল আমলাগামী পথে সাগরখালী নদীর ওপর একটি কাঠ-বাঁশের অস্থায়ী সাঁকোই এখন হাজারো মানুষের একমাত্র ভরসা। ঐতিহাসিক প্যারি সুন্দরী-এর বাস্তুভিটার সামনেই অবস্থিত এই স্থানটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
সদরপুর বাজারে নিকট থেকে বিল আমলা সংযোগের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী সেতু না থাকায় বিল আমলা, চরপাড়া, ছাতারপাড়া, ইউসুফপুর, পাককোলা সহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন। বর্ষা মৌসুমে সাঁকোটি পানিতে তলিয়ে গেলে/অথবা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি সময়ে রোগী বা গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে যায়, অনেক ক্ষেত্রে জীবনঝুঁকিও তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, পাশেই আমরা সদরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চললেও বিল আমলা গ্রামটি এখনো অবহেলার শিকার। উক্ত স্থানে স্থায়ী বিরিজ না থাকার কারণে রাস্তাঘাট ও এখনো উন্নত হয়নি, কাদামাটির রাস্তা যা বর্ষা মৌসুমে বেহাল দশা তৈরি করে, বিকল্প পথে দূরের ব্রিজ ব্যবহার করতে হলে সময়, জ্বালানি ও ভাড়ার চাপ বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য বাড়তি কষ্টের কারণ।
ইতিহাস ঘেঁটে জানা যায়, নীল চাষ বিরোধী আন্দোলনে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া প্যারি সুন্দরী এই অঞ্চলেরই গর্ব। তাঁর বাস্তুভিটার সামনে আজও একটি ঝুঁকিপূর্ণ সাঁকো—যা একদিকে অবহেলার চিত্র, অন্যদিকে ইতিহাসের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রশ্ন তোলে।
এলাকাবাসীর দাবি, সাগরখালী নদীর ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক এবং সেটির নামকরণ “প্যারি সুন্দরী ব্রিজ” করা হোক। এতে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, তেমনি এই মহীয়সী নারীর স্মৃতিও সংরক্ষিত থাকবে।
নতুন সরকারের কাছে স্থানীয়দের প্রত্যাশা—দ্রুত সরেজমিন তদন্ত করে একটি সময়োপযোগী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একটি ব্রিজই পারে বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগের অবসান ঘটিয়ে এলাকার মানুষের জীবনমান বদলে দিতে।