স্বাধীনতার স্পোর্টস ডেক্স :
২০১৭ সালের ২৪শে অক্টোবর হঠাৎ মুত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। কিছুদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন হকির দীর্ঘদিনের সাধারণ সস্পাদক শামসুল বারী। এবার চলে গেলেন হকি ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক মাহমুদ-উর-রহমান মোমিন। সোমবার দুপুরে রাজধানীর বড় মগবাজারের নিজ বাসভবনে মারা যান রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ব্যক্তিত্ব। ৮৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেন তিনি। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন মোমিন। তিন বছর আগে স্ত্রীকে হারিয়েছিলেন তিনি।
তার ছেলে ফাহিম রহমান বাবার মৃত্যুর কথা জানিয়ে বলেন, ‘কিছুদিন আগে পড়ে গিয়ে বাবার ফ্র্যাকচার হয়েছিল।
সার্জারির পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এছাড়া ডায়াবেটিস ও হৃদরোগের জটিলতা ছিল। তবে করোনা ছিল না।’
মোমিন ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারীর সঙ্গে। এক যুগের বেশি সময় ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ বলেন, ‘মোমিন ভাই আমাদের ওয়ারী ক্লাবের বর্তমান কমিটির অন্যতম উপদেষ্টা। তার পরামর্শ নিয়েই আমরা ক্লাব পরিচালনা করতাম। উনার মৃত্যুতে আমরা শোকাহত। বাদ মাগরিব মোমিন ভাইয়ের প্রিয় ক্লাব ওয়ারীতে জানাজা শেষে আজিমপুরে দাফন হবে।’
মাহমুদ উর রহমান মোমিন ১৯৭২-৮১ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। দেশের হকিতে স্বাধীনতা পরবর্তী সময়ে তার মূল পরিচয় সংগঠক হলেও তিনি বেশ ভালো হকি খেলোয়াড় ছিলেন। দেশের হকিতে মোমিনের অবদান অনস্বীকার্য।