শাহ্ জামাল : ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় প্রমানিকের খুনীদের ফাঁসির দাবীতে ভেড়ামারায় বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ। গতকাল রবিবার বিকালে ভেড়ামারা বাসষ্টান্ডে অনুষ্ঠিত সমাবেশ থেকে প্রশাসন কে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে, ১৫ অগাষ্টের মধ্যে আসামীদের গ্রেফতার এবং ১০/১২ জন অজ্ঞাত আসামী শনাক্ত করে আসামীদের আইনের আওতায় আনতে না পারলে রাজপথে নামবে আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠন। ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা প্রশাসনের কড়া সমালোচনা করে বলেছেন, সঞ্জয় হত্যার আলামত নষ্ট করবেন না, জাসদ নেতা নূর ইসলাম হাজীর শর্ট গান দিয়ে গুলি করে সঞ্জয় কে হত্যা করা হয়েছে। আপনারা এখনো কোন অস্ত্র উদ্ধার করতে পারেন নি। রাজনৈতিক আইডল মাহবুব উল আলম হানিফের নির্দেশে শান্ত আছে ভেড়ামারা। আওয়ামীলীগ এখনো হিজরী হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের কে গ্রেফতার করুন। অস্ত্র উদ্ধার করুন। ১০/১২ জন অজ্ঞাত আসামীদের চিহ্নিত করে আটক করুন। আপনাদের সাথে আমরা আছি। সঞ্জয় হত্যাকান্ডের সাথে সরাসরি যুক্ত মোস্তাফিজুর রহমান শোভনের চাচা জাসদ নেতা নূর ইসলাম হাজীকে উদ্দ্যেশ করে ছানা বলেন, আপনার অনেক টাকা। টাকার গরম দেখান। টাকা দিয়ে আওয়ামীলীগের কোন নেতাকর্মীকে কিনতে পারবেন না। সঞ্জয়ের রক্ত’র সাথে কোন অপোষ করবে না আওয়ামীলীগের কর্মীরা। হত্যায় জড়িত সকলের ফাঁসি দাবী করেন তিনি।
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক পৌর কাউন্সিল সোলাইমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু। বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মাহাবুল আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহাদুজ্জামান রানা, আসাদুজ্জামান গামা প্রমুখ। ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক মিয়া’র উপস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রশাসন এবং জাসদের কড়া সমালোচনা করেন বক্তরা। সমাবেশে বলা হয়, আওয়ামীলীগের একজন অকুতোভয় সৈনিক ছিলেন সঞ্জয় কুমার প্রমানিক। তাকে পরিকল্পিত ভাবে শোভন সহ জাসদের সন্ত্রাসীরা গুলি করে, কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করা হলো কিন্তু এখনো অস্ত্র উদ্ধার বা আসামীরা গ্রেফতার হয়নি।
ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা আওয়ামীলীগের নেতাদের সমালোচনা করে বক্তব্য রাখেন, তিনি বলেন, আপনাদের কিসের ভয়। শোভন বাহিনীর হাতে নির্মম নির্যতনের স্বীকার হয়েছে আওয়ামীলীগ কর্মী মাসুদ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম কচি সহ অনেক দলীয় নেতা কর্মী। কিন্তু আপনারা কোন পদক্ষেপ নেননি। তিনি বলেন, কর্মীদের মূল্যায়ন করুন। আপনারা মূল্যায়িত হবেন।
প্রতিবাদ সমাবেশে নিহত সঞ্জয়ের স্ত্রী বিথি রানী অভিযোগ করে বক্তব্য রাখেন, সঞ্জয়ের হামলার পর জেলা এবং উপজেলার কোন নেতা সহায়তায় এগিয়ে আসেনি। তিনি কেঁদে কেঁদে আবেগে ভাসান প্রতিবাদ সমাবেশস্থল। বলেন, আমার স্বামীকে ফেরত দিন। আর ফেরত দিতে না পারলে তিনি স্বামী হত্যার সাথে জড়িত সকলের ফাঁসি দাবী করেন।