আজাদ বাকী :
ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের জুনিয়াদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি আজ নিজেই রুগী। অযত্ন আর অবহেলায় ভগ্ন দশা জুনিয়াদহের ১৫টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি। নিভু নিভু প্রদীপের মত ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটি আজও জানান দেয় তার মুমূর্ষ অবস্থা আর সীমাহীন অসহায়ত্বের কথা।
প্রায় দুই যুগ আগে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্র পরানখালী গ্রামে প্রতিষ্ঠিত হয় জুনিয়াদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। পনেরটি গ্রামের প্রায় পঞ্চাশ হাজার মানুষের বহুদিনের লালিত স্বপ্নের এই হাসপাতালটি স্থাপিত হলেও সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে আজ প্রায় অকেঁজো অবস্থায় পড়ে আছে। উপযুক্ত ডাক্তার আর চিকিৎসা সরাঞ্জামের অভাবে ঠুঁটো জগন্নাথের মত দাঁড়িয়ে থাকা হাসপাতালের দিকে তাঁকিয়ে এলাকার গরীব এবং অসহায় মানুষগুলো কষ্টের দীর্ঘশ্বাস
ছাড়ছে। “স্বাস্থ্য সকল সুখের মুল” কথাটি প্রবাদ বাক্যের মতো হলেও জুনিয়াদহ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি থেকে কোন স্বাস্থ্য সেবাই পাচ্ছেন না দারিদ্র সীমার নীচে বসবাস করা মানুষগুলো। তাদের স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতরাচেছ। স্থানীয়রা মনে করেন, কতৃপক্ষ একটু সদয় হয়ে নজর দিলেই জুনিয়াদহ ইউনিয়নের ৫০ হাজার মানুষের চিকিৎসা কেন্দ্র থেকে নিয়মিত চিকিৎসা সেবা পেতে পারেন অত্র অঞ্চলের হাজার হাজার মানুষ।