স্বাধীনতা ডেক্সঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল নেতিবাচক এবং নিরাশাবাচক ভবিষ্যদ্বাণী অসার প্রমাণিত করে বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এক দশক আগেও বাংলাদেশকে যেখানে দারিদ্র্য আর অনুন্নয়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হতো, আজ উন্নয়ন বিশেষজ্ঞগণ সেই বাংলাদেশকেই দারিদ্র্য-জয় এবং উন্নয়নের আদর্শ মডেল হিসেবে তুলে ধরছেন। গতকাল সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। টেলিভিশন ও রেডিওতে প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার অর্ধশত বছর অতিক্রম করা জাতীয় জীবনে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। আমাদের জন্য এই সুবর্ণ জয়ন্তী উৎসব আরো বর্ণময় হয়েছে এজন্য যে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে মুক্তিযুদ্ধের আদর্শে সরকার পরিচালনা শুরু করে।
সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক উন্নয়নের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৫-০৬ বছরে মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার। বর্তমানে যা ২০৬৪ ডলার হয়েছে।