কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে তাজিয়া মিছিলের নেতৃত্বকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন।
বুধবার (২৮ জুলাই) রাত পৌনে ৯ টার সময় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর রিফিউজি পাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। নিহত রিয়াজ উদ্দিন খাঁ (৭০) ওই গ্রামের মৃত মজি খাঁ’র ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন মহররমের তাজিয়া মিছিল বের করতে চান ওই তরিকার অনুসারীরা। মিছিলের নেতৃত্ব কে দেবেন এ নিয়ে মতভেদ তৈরী হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে নিজ বাড়ির সামনে ভাতিজা দিরাজ খাঁ (৪৬) ও তার ছেলে সাদ্দাম খাঁ (২৬) রামদা দিয়ে রিয়াজ উদ্দিন খাঁকে গলার উপর সজোরে কোপ দেন। এতে ঘটনাস্থলেই রিয়াজ উদ্দিন খাঁ নিহত হন। এ সময় রিয়াজ উদ্দিন খাঁ’র ছেলে স্বপন (৪৫) ও প্রতিবেশী আরজিনা খাতুন হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন।
আহত দুজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী দিরাজ খাঁ নিহত রিয়াজউদ্দিন খাঁর আপন ভাই ওই গ্রামের সিরাজ উদ্দীন খাঁ’র ছেলে। এ হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।