শাহ্ জামাল :
কুষ্টিয়ার নয়া পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন যোগ দান করেছেন। সোমবার তিনি কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনের দায়িত্ব নেন। সকালে তিনি কুষ্টিয়া দিশা টাওয়ার প্রাঙ্গনে পৌছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের। এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), মোঃ আতোয়ার রহমান, কুষ্টিয়ার সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ, মিরপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল খালেক সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার)। কুষ্টিয়ার এসপি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করার পর জেলা পুলিশের চৌকস একটি দল নবাগত পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করেন।
কুষ্টিয়ায় নব যোগদানকৃত পুলিশ সুপার আলমগীর হোসেন ২৫তম বিসিএস(পুলিশ) ব্যাচ এর একজন চৌকস কর্মকর্তা। এর আগে তিনি উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। প্রায় ১৫ বছর পূর্বে এই জেলায় তাঁর প্রথম পদচারণা হয়েছিল। স্বল্প সময়ের সেই পথচলায় তিনি কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বাক্ষর রেখে গিয়েছিলেন, যা জেলার জনগণ আজও স্মরণ করে।