শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে আওয়ামীলীগের ৩ নেতাকর্মী কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে ভেড়ামারা থানা পুলিশ উপজেলা ব্যাপি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাহাদুরপুর ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রঞ্জু আহমেদ, একই ওয়ার্ডের আওয়ামীলীগের ওয়ার্ড দপ্তর সম্পাদক রতন আলী এবং ধরমপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মনির হোসেন। এই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)২৫ ধারায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং ৭। ৩ জনকে গ্রেফতার ও বাকি ১২ জনকে পলাতক আসামী করে মোট ১৫ জনকে এজহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, সারা দেশে চলমান অভিযানের অংশ হিসাবে ভেড়ামারাতেও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার দিবাগত রাতের অভিযানে ৩জন আওয়ামীলীগ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালত গতকাল রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে।