উজ্জ্বল হোসেন :
জাল কাগজপত্রে চিকিৎসক সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অপরাধে এম কে এইচ খান বিজয় নামে এক ভুয়া চিকিৎসকের ২ বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে সহযোগিতা করার অপরাধে কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের মালিক সাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।
তিনি জানান, এম কে এইচ খান বিজয় নামের ওই ভুয়া ব্যক্তি চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে অপারেশনসহ চিকিৎসার নামে সাধারণ মানুষজনের সঙ্গ প্রতারণা করে আসছিলেন।
পরে মোবাইল কোটের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ এর এক ধারায় ভুয়া ডাক্তার এম কে এইচ খান বিজয়কে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে ডাক্তার কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে মালিক সাইদুল ইসলামকে একই আইনের ২৮-২ উপধারায় ১ লক্ষ টাকা জরিমানা অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।