মোঃ স্বরন, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় চলছে উন্নয়নের নামে সড়ক, ড্রেন খুঁড়াখুড়ির কাজ। এ কাজ যেন শেষ হয় না। সড়ক, ড্রেন খুঁড়েই যেন লাপাত্তা ঠিকাদার। ফলে চরম ভোগান্তির শিকার ভেড়ামারা পৌরবাসী। জনমনে প্রশ্ন, এ দূর্ভোগের শেষ কোথায়?
ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডে রাস্তা উন্নয়নের কাজ চলছে। অনেক আগেই শেষ হয়েছে খুঁড়াখুড়ি। রাস্তাার কাজের তেমন কোন অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরেই এমন অবস্থা। সীমাহীন ভোগান্তির শিকার এলাকার মানুষ। এ ভোগান্তির যেন শেষ নেই। কেন এত অবহেলা, জানতে চেয়েছেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভোগান্তির শিকার মানুষ গুলো।
সরেজমিন ঘুরে দেখা যায়, দীর্ঘ দিন ধরে ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের জিল্লু কমিশনার’র (সাবেক) বাড়ির পাশের রাস্তা খুঁড়া খুঁড়ি করে রেখেছে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কাজের কোন অগ্রগতি নেই বলে জানিয়েছেন এলাকাবাসী। কাজের সাইডে ঠিকাদার বা তাদের প্রতিনিধি কাউকে পাওয়া যায় নি। এলাকাবাসীর ক্ষোভ এতো দিন ধরে রাস্তা খুঁড়াখুঁড়ি করে ফেলে রেখেছে ঠিকাদার। রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে গিয়ে অনেকে দূর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তামিম জানান, দিনে এক দুইজন লেবার এসে কাজ করে। এভাবে কাজ চললে কয়েক মাস লেগে যাবে ছোট্র একটি কাজেই। এ ভাবে উন্নয়ন হয় না। এটাকে জনভোগান্তি বলে। সাজেদা বেগম নামে একজন বৃদ্ধা আক্ষেপ করে বলেন, পৌর মেয়র এর কাছে জানতে চাই, আমরা কি পৌরসভার নাগরিক নয়? কেন আমাদের কষ্ট মেয়র’র চোখে পড়ে না। তিনি দ্রুত রাস্তার কাজ শেষ করে পৌরবাসীর প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার দাবী জানান।
এ বিষয়ে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সবুজ জানান, ৯ নং ওয়ার্ডের ওই রাস্তাার কাজ তো এতদিনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কেন হলো না, ঠিকাদার কিভাবে উন্নয়নমুলক কাজ করছে তা খতিয়ে দেখে মেয়র আনোয়ারুল কবীর টুটুল’র এর সাথে আলোচনা করবো। এবং পৌরবাসীর দূর্ভোগ দূও করবো।
এ বিষয়ে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।