মোঃ সাজ্জাদ হোসেন, মিরপুর :
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা এলাকায় আজ ১৫ ডিসেম্বর ২০২৫ এডুকেশন আইডিয়াল স্কুলকে, কেন্দ্র করে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলা এই বৃত্তি পরীক্ষায় ১৩০ জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি থেকে অংশগ্রহণ করে। পুরো পরীক্ষা শান্ত, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, যা অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরীক্ষকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীরা নির্ভয়ে ও মনোযোগের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষা শেষে অধিকাংশ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।
পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকবৃন্দ পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তবে কয়েকজন অভিভাবক দু’একটি বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং ভবিষ্যতে এসব বিষয়ে আরও উন্নত ব্যবস্থাপনার প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজক পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যৎ আয়োজনে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মিঠুন আহমেদ বলেন,
এই ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা ধাপে ধাপে আরও কয়েকটি শ্রেণি সংযুক্ত করতে চাই, যাতে বেশি সংখ্যক মেধাবী শিক্ষার্থী উপকৃত হয়।”
তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাম ও মফস্বলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানো।
এডুকেশন আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ তহিদুজ্জামান তহীদ বলেন,
এই বৃত্তি কার্যক্রম যেন উত্তরোত্তর উন্নতির দিকে যায়—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের মেধা বিকাশে এডুকেশন আইডিয়াল স্কুল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— রাসেল আহমেদ (শিক্ষক, কক্সবাজার সরকারি জেলা স্কুল), মোঃ আমিরুল ইসলাম,মোঃ রুবেল,মোমিন উল্লাহ,শাকিব,বৈশাখী ম্যামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।