উজ্জল হোসেন, ভেড়ামারা:
ভেড়ামারার বহুলালোচিত আওয়ামীলীগ নেতা সিদ্দিক হত্যা মামলা থেকে জামিন পেলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলার জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। জামিন পেয়েই গতকালই বীরবেশে প্রিয় জন্মভূমিতে ফিরেছেন এই নেতা। তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নিতে লালন শাহ্ সড়ক সেতুর মুখে হাজার হাজার নেতাকর্মী ভীড় জমায়। বিকালে ভেড়ামারা বাসষ্টান্ডে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক মোহাম্মদ সেলিম’র দ্বৈত বেঞ্চ ভেড়ামারার আলোচিত সিদ্দিক মন্ডল হত্যা মামলায় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপনসহ ৯আসামির জামিন দিয়েছেন। জামিন লাভকারী অন্যান্য আসামিরা হলেন রেজাউল প্রমানিক, মোনা মালিথা, ইউনুস প্রমানিক, তাজু প্রামানিক, জহির আলী, মোঃ টিটো, জহুরুল ইসলাম মন্টু ও আমির মালিথা প্রমূখ। এর আগে গত রোববার কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ড্যানী ও জারমান প্রামানিক নামের ২আসামি জামিন লাভ করে। এনিয়ে সিদ্দিক মন্ডল হত্যা মামলার এজাহার নামীয় ২০আসামির মধ্যে মোট ১১জন বিভিন্ন আদালত থেকে জামিন লাভ করলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের স্বনামধন্য তরুণ আইনজীবী বুলবুল আবু সাঈদ শামীম আজকের জামিন লাভকারী ৯জনের নিযুক্ত আইনজীবী হিসেবে আদালতে জামিন শুনানি করেন। জামিন পেয়েই সড়ক পথে ঢাকা থেকে রওনা হন জাতীয় নেতা আলহাজ¦ আব্দুল আলীম স্বপন। নেতার আগমনী বার্তা শুনেই হাজার হাজার জাসদ নেতাকর্মীরা ভীড় জমাতে থাকেন লালনশাহ্ সেতু এলাকায়। বিকালে আব্দুল আলীম স্বপন সেতু অতিক্রম করে প্রিয় জন্মভূমি ভেড়ামারায় পৌছালে জাসদ নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, এস এম আনছার আলী, অসিত কুমার সিংহ রায় প্রমুখ। বিকালে ভেড়ামারা বাসষ্টান্ডে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ¦ আব্দুল আলীম স্বপন।