স্বাধীনতার বিনোদন ডেক্স :
পাব-জি ব্যান করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার দু’ দিনের মাথায় চমক দিলেন অভিনেতা অক্ষয় কুমার। ঘোষণা করলেন নতুন মাল্টি প্লেয়ার অনলাইন গেমের। পাব-জি র সঙ্গে নামের কিছুটা মিল থাকলেও রয়েছে দেশি ছোঁয়া। নতুন গেমের সংক্ষিপ্ত নাম ফৌজি। অক্ষয় কুমার তার ফেরিফায়েড ফেসবুক পেজে গেমের একটি পোস্টার পোস্ট করেন। সঙ্গে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর অভিযানের সমর্থনে গর্বের সঙ্গে এই মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের কথা ঘোষণা করছেন তিনি। নাম রাখা হয়েছে ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস’ (এফএইউজি)।
এই গেমে নাকি ইউজাররা মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে দেশের বীর জওয়ানদের আত্মত্যাগের কথাও জানতে পারবেন। গেমের ইন্টারনেট রেভিনিউয়ের ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে দান করা হবে। অক্ষয়ের পেজে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আগুনের মতো ছড়িয়ে পড়ে এই গেমের কথা। অক্ষয়ের পোস্টটি প্রথম এক ঘণ্টাতেই দেড় লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে ১১ হাজার কমেন্ট ও ২৩ হাজার শেয়ার হয়েছে। গেমটি কেমন হবে তার বিস্তারিত তথ্য না মিললেও ভারতের অনলাইন গেমারদের পাব-জি ব্যান হওয়ার দুঃখে যে কিছুটা মলমের কাজ করবে, তা বলার অপেক্ষা রাখে না।