শামিমুর ইসলাম শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিনব কায়দায় অগ্রণী ব্যাংক গোলাপনগর শাখা থেকে দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে এক জালিয়াতচক্র। গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করে গণপিটুনি দেয়া হয়েছে। অন্য দিকে, টাকা নিয়ে পালিয়ে গেছে আরও ২ সদস্য।
অগ্রণী ব্যাংকের গোলাপনগর শাখার ম্যানেজার ইদ্রিস আলী জানিয়েছেন, গোপন নাম্বারে বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলনের জন্য ২টি ভাউচার জমা দেয় কোবির ও মনির নামে দুই ব্যক্তি। তারা যথাক্রমে ১ লক্ষ ৫ হাজার টাকার এবং ৯৪ হাজার ৫০০ টাকার ভাউচার জমা দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে চলে যায়। পরবর্তীতে ওই একই ব্যক্তিরা আরও চারটি ভাউচার জমা দেয়। এ সময় কাউন্টারে থাকা কর্মকর্তার সন্দেহ হলে, নানা প্রশ্ন করে নিশ্চিত হয় তারা জালিয়াত চক্রের সদস্য। এ সময় ব্যাংক কর্মকর্তা এবং স্থানীয় জনতার সহায়তায় তাদের ৩ সদস্য কে আটক করে গণপিটুনি দেওয়া হয়। তাদের ভাষ্যমতে, আরো দুজন সদস্য ওই টাকা নিয়ে পালিয়ে গেছে ।
এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।