আবু তাহের মিসবাহ, কুষ্টিয়া :
মাদ্রাসা নেই। নেই কোন শিক্ষার্থী। নেই মাদ্রাসার জামাত বিভাগ, হেফজ বিভাগ, কেরাত বিভাগ। নেই আবাসিকভাবে থাকা খাওয়ার সুযোগ। তবুও এতিম অসহায় গরীব ছাত্র-ছাত্রীদের থাকা খাওয়ার নাম করে রশিদ, লিফলেট ছাপিয়ে টাকা আদায় করে বেড়াচ্ছেন, কুষ্টিয়ার দৌলতপুরের চিহ্নিত প্রতারক রাজ্জাক হুজুর।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পবিত্র মাহে রমজানে ইসলাম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের মন থাকে নরম। এসময় ১ টাকা দান করলে ৭০ টাকার সওয়াব দিয়ে থাকেন মহান রাব্বুল আলামিন। ধর্মীয় অনুভূতির এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক রাজ্জাক হুজুর কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চল চষে বেরিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি বড় মসজিদের ইমাম। প্রতি বছরের ন্যায় এবছরও মাদ্রাসার নাম দিয়ে রশিদ, লিফলেট ছাপিয়ে কুষ্টিয়া শহরসহ দূর-দুরান্তের বিত্তশালীদের কাছ থেকে টাকা আদায় করে বেড়াচ্ছেন। কুষ্টিয়া শহরের বেশ কয়েকজন বৃত্তশালীর কাছে দেওয়া চিঠির খামে মাদ্রাসার নাম লিখা রয়েছে, আল হিকমা নূরানী হাফিজিয়া মাদ্রাসা। এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং। ঠিকানা দেওয়া হয়েছে, কায়ামারি, দৌলতপুর, কুষ্টিয়া। চিঠির ভিতরে প্রিয় মুসলমান ভাই-বোন সম্বোধন করে আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও আপনার নেক দোয়ার বরকতে দ্বীনী প্রতিষ্ঠানটি সুযোগ্য ওস্তাদ মন্ডলী দ্বারা, জামাত বিভাগ হেফজ বিভাগ, কেরাত বিভাগ ও বাংলা বিভাগের শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক কোরআন ও সুন্নাহর আলোকে যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয়। বহিরাগত ছাত্রীদের আবাসিকভাবে থাকা খাওয়া ও এতিম গরিব ছাত্রীদের থাকা খাওয়া সহ অন্যান্য সুযোগ-সুবিধার বন্দোবস্ত রহিয়াছে। আবেদনে আরো বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তালিকা ভুক্ত। এজন্য বিত্তবানদের কাছ থেকে যাকাত, ফিতরা, সাদকা, মান্নত, কোরবানির চামড়া বা তার মূল্যের অংশ এককালীন দান ও মাসিক চাঁদা সহ সর্বপ্রকার দান আল হিকমা নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ও লিল্লাহ বোর্ডিং এ দান করে সদকায়ে জারিয়ার অশেষ নেকি হাসিলের জন্য বলা হয়েছে। চিঠির নিচে আরজ গুজারে হাফেজ আব্দুর রাজ্জাকের নাম লেখা রয়েছে।
গতকাল বুধবার বিকেলে কায়ামারি এলাকায় গিয়ে এই নামে কোন মাদ্রাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পাওয়া যায়নি প্রতিষ্ঠানের কোন শিক্ষক বা শিক্ষার্থীদের। তবে দেখা মিলেছে প্রতারক ওই আব্দুর রাজ্জাক হুজুরের সাথে। এ সময় মাদ্রাসার কোন কাগজপত্র বা প্রতিষ্ঠান দেখাতে পারেননি আব্দুর রাজ্জাক। তবে দুজন কোমলমতি শিক্ষার্থীকে তিনি দাবি করেন তার ছাত্র হিসেবে। পরে ওই ছাত্রদের সাথে কথা বললে তারা জানান, ১জন কুমারখালী জিজা মাদ্রাসার অপর জন হরিপুর মবেরের মোড় হাজী খয়বার আলী মাদ্রাসার ছাত্র। তাদের বয়স ১২ এবং ১৫ বছর। সূত্র জানিয়েছে, এই ছাত্রদেরকে সাথে করেই প্রতারক রাজ্জাক হুজুর কুষ্টিয়া শহর সহ বিভিন্ন এলাকা চষে বেড়ান। স্থানীয় অনেকের সাথেই কথা হলেও, কেউ বলতে পারেন নি এই নামের কোন মাদ্রাসার কথা।
এ বিষয়ে কথা হয় প্রতারক আব্দুর রাজ্জাক হুজুরের সাথে। তিনি অকপটে স্বীকার করে জানান, এখনো মাদ্রাসার কাজ শুরু হয়নি। তবে নির্মাণ কাজ শুরু হবে। তিনি এ সংক্রান্ত কোনো নিউজ যাতে না প্রকাশ পায়, এজন্য অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024