স্বাধীনতা ডেক্স:
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। জামায়াত-বিএনপিসহ গণতন্ত্রকামী ডান-বাম জোট সবাইকে সঙ্গে নিয়ে যুগপৎ দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। জাতিকে মুক্ত করার মহান দায়িত্ব পালনে আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালনে জামায়াতের সদস্যদের এগিয়ে আসতে হবে।
আজ শুক্রবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলনে (রুকন) প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন। জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এই সম্মেলন কোথায় হয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
আবদুল্লাহ তাহের বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ। দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।
সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ বিশেষ অতিথি ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024