শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী কে, বি, এইচ মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ কেবল একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজ ও জাতির জন্যই ক্ষতিকর। অল্প বয়সে বিয়ে মেয়েদের স্বপ্ন, শিক্ষা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সর্বাধিক দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাস খন্দকার, মিরপুর উপজেলা বন কর্মকর্তা সোহেল আহমেদ। বক্তারা বলেন, 'কিশোরীদের সুরক্ষা ও শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। অভিভাবকদের দায়িত্বশীল মনোভাব ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে এ ক্ষতিকর প্রথা বন্ধ করতে।'
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মুনতাজ আলী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা, রাজশাহী হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার'র চেয়ারম্যান, শাহীন আলম লিটন, কাতলামারী ওয়ার্ড বিএনপি'র সভাপতি কাওসার আলী, কাতলামারী কে বি এইচ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,বিএনপি নেতা আলমগীর হোসেন লালটু,বাবলু,ডালিম , আজাদ, নাজমুল প্রমুখ ।এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
এসময় উপস্থিত অতিথিরা আরও বলেন, 'অল্প বয়সে বিয়ে শুধু কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে না, বরং তাদের স্বপ্ন ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত প্রচেষ্টাতেই বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024